জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের এক ছাত্রকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম মুহাম্মদ বনী আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার সহপাঠীরা।
ওই শিক্ষার্থীর বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তবে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস লাগোয়া গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
একই মেসে ভাড়ায় থাকা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় বলেন, র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালান। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা।
‘আমরা তাদের বাধা দিয়ে পরিচয় জানতে চাই এবং প্রক্টর বা প্রভোস্টকে জানিয়ে নিতে বলি। কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলে, আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন’- অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
জাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, র্যাবের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। তুলে নেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিষয়টি জেনেছি। আমরা র্যাব-৪ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সেখানে কথা বলে বিস্তারিত জানাতে পারব।