সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার মুফতি ইব্রাহীমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থানায় মঙ্গলবার রাতে মামলাটি করা হয়।
এ ছাড়া প্রতারণার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহীমকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। পরে মুফতি ইব্রাহীমকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ বলছে, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে করোনার টিকাসহ বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে।