সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। ঘটনাটি এবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।
২৯ নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সই করা আদেশে এই কথা বলা হয়েছে।
মানবাধিকার কমিশনের আদেশে বলা হয়েছে, শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার পরীক্ষার হলে ঢোকার আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন জোর করে কাঁচি দিয়ে ওই শিক্ষার্থীদের চুল কেটে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মর্মাহত হয়ে নাজমুল হাসান তুহিন (২৫) নামের এক শিক্ষার্থী গতকাল সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে অবিহিত করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি ২৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।