২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে আসছে ফুটবল মৌসুম। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্রান্ত বাফুফের উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের ১২ দলের সঙ্গে আরও চারটি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। সার্ভিসেস দলগুলো ও বিকেএসপিকে আমন্ত্রণ জানানো হবে। চারটির বেশি দল অংশ নিলে বাছাইপর্ব হবে। চারটি বা কম হলে তারা সরাসরি খেলবে মৌসুমসূচক টুর্নামেন্টে। দলবদল পূর্ব ঘোষিত তারিখ ১ অক্টোবর থেকেই শুরু হবে। তবে শেষ হওয়ার দিন ১৫ নভেম্বর থেকে ১০ দিন পিছিয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে ক্লাবগুলো স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। আগামী প্রিমিয়ার লিগ ৬ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একটি ভেন্যুকে সর্বোচ্চ দুটি দল হোম হিসেবে ব্যবহার করতে পারবে।