২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগরে হল খোলার সুপারিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল ২১ অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষাপর্ষদ।

বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভা শুরু হয়। রাত পৌনে দুইটায় সভা শেষ হয়। হল খোলার এ সিদ্ধান্ত আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সভায় শিক্ষকেরা পূজার ছুটি শেষে আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে মত দেন। সেকারণে ২১ অক্টোবর হল খুলে দেওয়া হবে বলে সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার একটি ডোজের সনদ দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন।

যেসব শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করে এখনও এসএমএস পাননি তাদেরকে এসএমএস ছাড়াই টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম যোগাযোগ করবেন বলেও তিনি জানান।

অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, হল খোলার পর ১৪ দিন হলে থেকে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রয়োজনে হলের বাইরে যেতে পারবেন তারা।

তিনি আরো জানান, ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরো কিছুদিন পরে অভ্যন্তরীণ দোকানপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল-সন্ধ্যা খাবারের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা সেখানে থেকে খাবার নিয়ে হলে গিয়ে খেতে পারবেন। এ ছাড়া হলের ডাইনিং ও ক্যান্টিন চালু থাকবে।

এদিকে করোনাভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ থাকা হলের ফি এরইমধ্যে অনেক শিক্ষার্থী পরিশোধ করায় আগামী ১৮ মাসের হল ফি মওকুফ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী হলের সিট ভাড়া দিয়েছে। তাদেরকে সেই টাকা ফেরত দেওয়ার জটিলতার কারণে সবার আগামী ১৮ মাসের সিট ভাড়া মওকুফ করা হয়েছে।

শিক্ষাপর্ষদের সভার আগে বুধবার বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সভা অনুষ্ঠিত হয়।