ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৩ ব্যক্তির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

তবে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃত সকলেই ময়মনসিংহের বাসিন্দা এবং ৩ জনই পুরুষ।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৫ জনের মৃত্যু হলো।

গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল কাদের (৬৫), কাজল মীর (৫০) ও হেলাল উদ্দিন (৩০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৬ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৯২টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯২ জন।