গত বুধবার ৩০তম জন্মদিন পালন করেছেন মুমিনুল হক। আর পরেরদিনই দারুণ এক সেঞ্চুরি করলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ‘এ’ দলের হয়ে মুমিনুল খেললেন অনবদ্য এক ইনিংস। দীর্ঘদিন ধরে ওয়ানডে দলের বাইরে তিনি। এবার সেঞ্চুরি করে দলে ফেরারও জোর দাবি জানিয়ে রাখলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ১২১ বলে ১২৮ রানের ইনিংস খেলেন মুমিনুল। ৬৩ বলে ফিফটি করেন তিনি। ৯৭ রানে থাকতে লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দারুণ কাভার ড্রাইভে চার মেরে ১০৩ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন মুমিনুল। পরে আমিনুলের বলেই সাজঘরে ফেরেন তিনি।
নাজমুল হাসান শান্তর (৬৭) সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৫৪ রানের জুটি গড়েন মুমিনুল। তারপর মুশফিককে সঙ্গে নিয়ে এগোতে থাকেন মুমিনুল।
তিনে নামা মুশি শুরু থেকেই সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন। বিশ্বকাপ প্রস্তুতি নিতে খেলতে নেমে কার্যকরী ফিফটি করেন তিনি। ৫২ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। ৪০ বলে অর্ধশতক পা রাখেন মুশফিক। শেষদিকে দ্রুত রান তাড়নায় রেজাউর রহমানের স্লোয়ার বল ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে এইচপি দলের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন মুশফিক। প্রথম ম্যাচেও রানের দেখা পেয়েছিলেন তিনি। এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান খেলেন ম্যাচ জেতানো অপরাজিত ৭০ রানের ইনিংস।
এইচপি দলের বিপক্ষে শেষদিকে মোহাম্মদ মিঠুন করেন ১৫ বলে করেন ২৫ রান। ইমরুল কায়েস ফেরেন শূন্য হাতে। ৫০ ওভারে ‘এ’ দল ৭ উইকেটে সংগ্রহ পায় ৩২৩ রান।