সাবেক নারী বিচারপতিদের খুঁজছে তালেবান ও আসামিরা

ক্ষমতায় বসেই হাজার হাজার খুনি-অপরাধীদের জেল থেকে মুক্তি দিয়েছিল তালেবান। তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন আফগানিস্তানের নারী বিচারপতিরা।

ব্রিটেনে ভিত্তিক ইউরো উইকলি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত আফগানিস্তানে ২২০ জনেরও বেশি নারী বিচারপতি ঘরছাড়া। এই বিচারপতিদের অধিকাংশই নারীদের অধিকার নিয়ে সরব ছিলেন। প্রাণের ভয়ে এখন তাঁরা গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক প্রাক্তন নারী বিচারপতি ব্রিটেনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুন, অত্যাচার, ধর্ষণে অভিযুক্ত অনেককেই সাজা দিয়েছিলেন তিনি। তারা এখন জেল থেকে বেরিয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘হঠাৎ-ই এক মধ্যরাতে জানতে পারি, বন্দীদের মুক্তি দিচ্ছে তালেবান। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে আমাদের। বোরখা পরে শহর ছাড়তে হয়েছে। তারপর প্রতিবেশীদের থেকে জানতে পারি, আমার খোঁজ করতে করতে বাড়িতে চলে এসেছিল তালেবানরা’।

স্ত্রীকে খুন করার অভিযোগে সম্প্রতি এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ওই বিচারপতি। তিনি বলেন, ‘সাজা শোনার পর ওই অপরাধী আমাকে বলেছিল, ‘আমার স্ত্রীর যা পরিণতি হয়েছে, আমি জেল থেকে বেরোলে তোমারও একই পরিণতি হবে’।

‘তখন স্বাভাবিক ভাবেই তার কথায় গুরুত্ব দেইনি। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর আমাকে একাধিক বার ফোন করেছিল সে। আদালত থেকেই আমার সম্পর্কে সব তথ্য পেয়েছিল। আমাকে বলেছে, খুঁজে বের করে বদলা নেবে’।