জালালাবাদ গ্যাসের নতুন এমডি শোয়েব আহমেদ মতিন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখার গত রবিবার এক অফিস আদেশে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি পান প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।

প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন ১৯৮৮ সালের ১৭ নভেম্বর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা ছিলেন সাবেক উপ-সচিব মরহুম আবদুল মতিন এবং মা মরহুমা রাজিয়া খাতুন ছিলেন সিলেট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক।

প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।