বিসিবি নির্বাচন: তিন ক্যাটাগরিতেই ভোট হচ্ছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে এবার তিন ক্যাটাগরিতেই ভোট হচ্ছে। অবশ্য ৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে তিন ক্যাটাগরিতে ২৩ পদের জন্য ৩২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

যে ৩২ জন মনোনয়ন পত্র কিনেছিলেন তাদের মাত্র একজন প্রত্যাহার করেছেন। তিনি- শওকত আজিজ রাসেল। ক্যাটাগরি- ২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে তিনি মনোনয়নপত্র কিনেছিলেন।

শওকত আজিজ রাসেল নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় এই ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে প্রার্থী রইলেন ১৬ জন। বিসিবির টানা দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপনসহ সব হেভিওয়েট প্রার্থীরা ক্যাটাগরি-২ এ ভোটের লড়াইয়ে থাকবেন।

ক্যাটাগরি-১ এ পরিচালক পদ সংখ্যা ১০টি। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসবেন। তবে ভোট হবে শুধু ঢাকা ও রাজশাহী বিভাগে।

ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী চারজন। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও খালিদ হোসেন।

রাজশাহী বিভাগে একটি পদের বিপরীতে প্রার্থী দুজন- সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপ্ন চৌধুরী।

বাকি পাঁচ বিভাগ থেকে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন- চট্টগ্রাম থেকে আ জ ম নাসির উদ্দিন ও আকরাম খান, খুলনা থেকে কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল, সিলেট থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, রংপুর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও বরিশাল থেকে আলমগীর খান আলো।

ক্যাটাগরি-৩ এ একটি পদের বিপরীতে প্রার্থী দুজন। এখানে বর্তমান পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের লড়াই হবে বিকেএসির নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে।

তিন ক্যাটাগরিতে মোট ১৭১ কাউন্সিলর ভোট দেবেন। ক্যাটাগরি-১ এ কাউন্সিলর আছেন ৭১ জন। ক্যাটাগরি-২ এ কাউন্সিলর ৫৭ জন। ক্যাটাগরি-৩ এ কাউন্সিলর ৪৩ জন।

২৩ পরিচালক পদে নির্বাচন হলেও বিসিবির পরিচালনা পরিষদ হবে ২৫ সদস্যের। দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এখান থেকে ইতিমধ্যে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ সব মিলে মোট ৯ জন পরিচালক নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। ভোটে ঠিক হবে বাকি ১৬ পদে কারা আসবেন।