পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আরেকটি হামলায় এবার এক সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের অশান্ত উপজাতীয় জেলার পাশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তঙ্ক জেলায় এক গোয়েন্দা-ভিত্তিক অভিযান চলাকালে এই হামলা চালায় পাকিস্তান তালেবান।
পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
বেশ কয়েকটি পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনের সমষ্টি টিটিপি আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকারের পতন এবং গত ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। আফগান তালেবানের সঙ্গে এই দলটি কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন আফগান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধেও সক্রিয় ছিল।
এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে, তঙ্কে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী একটি অভিযান পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়, ‘গুলি বিনিময়ের সময় ক্যাপ্টেন সিকান্দার- যার বয়স ২৭ বছর এবং পাকপত্তান (পাঞ্জাব প্রদেশে অবস্থিত) ছিলেন, তিনি নিহত হন । ‘জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে’।
পৃথকভাবে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দাবি করেছে যে, তারা মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রত্যন্ত সারওয়াকাই এলাকায় চারজন কমান্ডারসহ ১০ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, তীব্র গুলির বিনিময়ে সন্ত্রাসীরা নিহত হয়েছে।
টিটিপি অবশ্য সামরিক বাহিনীর এই দাবির বিরোধিতা করে বলেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একটি ড্রোন হামলা চালিয়েছিল, যাতে একজন নারী ও দুই শিশু নিহত হয়েছিল। এই দ্বন্দ্বপূর্ণ দাবীগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পাকিস্তানে ২০০৭ সালের ডিসেম্বরে গঠিত হয় টিটিপি। এর সদস্যরাও একই ধর্মীয় প্রতিষ্ঠানে প্রশিক্ষিত ও শিক্ষিত ছিল যেখান থেকে আফগান তালেবানদের উৎপত্তি হয়।
এই দলটি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে কিছু ভয়াবহ হামলা করেছে, এমনকি স্কুলছাত্রীদেরও হত্যা করেছে। অবশেষে, ২০১৪ সালে পাকিস্তানের সেনাবাহিনী টিটিপিকে আফগানিস্তানের দিকে তাড়িয়ে দিয়েছিল।
সম্প্রতি পাকিস্তানের ভেতরে তাদের ঘন ঘন হামলা থেকে স্থানীয় এবং স্বাধীন পর্যবেক্ষকরা মনে করছেন, এই গ্রুপটি ওয়াজিরিস্তানে তাদের পূর্বের শক্ত ঘাঁটিতে পুনরায় সংগঠিত হচ্ছে। টিটিপি গত এক মাসে পাকিস্তানের ভেতরে ৩৩টি হামলা চালিয়েছে।