ভালো ভবিষ্যতের সন্ধানে যুক্তরাষ্ট্রে উমর আকমল

ভালো ভবিষ্যতের সন্ধানে যুক্তরাষ্ট্রে গেছেন পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটার উমর আকমল। পাকিস্তান ছাড়ার বিষয়টি শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।

অফিশিয়াল টুইটার পেজে উমর আমেরিকায় যাওয়ার টিকিটসহ নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘ব্যক্তিগত কিছু সাক্ষাতের জন্য আমি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছি। সবকিছু যদি ভালোভাবে হয় তবে কিছু সময়ের জন্য আমাকে সেখানে থাকতে হবে! সমর্থকেরা আমার জন্য প্রার্থনা করুণ, যেমনটা আপনারা সব সময় করেন।’  

এক সূত্রের বরাতে পাকিস্তান ক্রিকেট জানিয়েছে, উমর যে কয়দিন যুক্তরাষ্ট্রে থাকবেন, ততদিন পর্যন্ত কিছু ম্যাচ খেলবেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির দিকে নজর দিচ্ছেন তিনি। সাবেক পাকিস্তানি ওপেনার সামি আসলামের মতো উমরও হয়তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন।

গত বছর নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে নির্বাচকদের চোখে উপেক্ষিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আসলাম। পাকিস্তানের হয়ে তিনি ১৩ ওয়ানডে ও ৪টি টেস্ট খেলেছেন।

এদিকে, উমর ফের পাকিস্তান জাতীয় দলের প্রবেশের পথ খুঁজছে। সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন তিনি। তাকে পাকিস্তান দলে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের অক্টোবরে।

দেশের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন উমর।