মিরপুরে টাকা, স্বর্ণালংকার নিয়ে ৩ কলেজছাত্রী নিখোঁজ

রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হন বলে থানায় পরিবার অভিযোগ করে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছেন তারা। 

এ ঘটনায় শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ তিন ছাত্রীর একজনের মা। নিখোঁজ তিনজনই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

থানায় লিখিত অভিযোগে ওই নারী জানান, বৃহস্পতিবার একই সময়ে তার মেয়েসহ তিনজন নিখোঁজ হয়। তার মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

অভিযোগে বলা হয়, তারা মিরপুর-১৪ নম্বর এলাকায় বসবাস করেন। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, তিন কলেজ ছাত্রী স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে গেছে এমন একটি অভিযোগ থানায় এসেছে। তারা কোথায় গেছে সেটি আমরা খোঁজার চেষ্টা করছি। অভিযোগে উল্লেখ করা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। একজন তাদের ঘনিষ্ট বন্ধু। ওই তিন ছাত্রী তার সঙ্গে বিভিন্ন সময় ঘুরতে যায় বলে জানিয়েছে। কিছুদিন আগে তারা একসঙ্গে দিয়া বাড়িতে ঘুরতে গেলে ওই ছাত্রীরা জাপান যেতে চাওয়ার আগ্রহের কথা জানায়।  

তিনি আরো বলেন, তিন ছাত্রীর পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। অভিযোগে যে তিনটি ফোন নম্বর সঙ্গে থাকার কথা বলা হয়েছে সেগুলো আমরা ডিটাস (নেটওয়ার্ট থেকে বিচ্ছিন্ন) পেয়েছি। এখন ওরা বাংলাদেশে না বাইরে তা নিশ্চিত না। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধারের।