বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচঁরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের প্রয়াত বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি অনুষ্ঠানের শোক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই হতে পারে না। তবে যদি নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তার অধীনেই নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতি হলেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ পাচ্ছে না। শুধু বিএনপি নয়, দেশের সকল রাজনৈতিক দল দুর্বিষহ সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।