গুলিস্তানে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে উজ্বল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

গতকাল বেলা ১১টার দিকে পুলিশ পানি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পল্টন থানার এসআই ওবায়দুর রহমান জানান, উজ্জ্বলের বাবার নাম জামাল। গুলিস্তান নাট্যমঞ্চ এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। বৃহস্পতিবার সকালে কয়েকজন মিলে নাট্যমঞ্চের পুকুরে গোসল করতে নামেন তারা। এরপর সবাই পুকুর থেকে উঠে গেলেও তিনি পানি থেকে উঠতে পারেনি। তখন তার সঙ্গে থাকা অন্যরা পানিতে ডুব দিয়ে তাকে খোঁজাখুঁজি করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তারা সেখান থেকে চলে যান।  কিন্তু বিষয়টি তারা কাউকে জানাননি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।