নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুর রাজ্জাক (২১) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় ট্রাক চালক ইদ্রিশ আলী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার আব্দুর রাজ্জাক সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।
এ সময় চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন। নাটোর থানার ওসি মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।