পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ান ওমর শরীফ মারা গেছেন। শনিবার ৬৬ বছর বয়সে জার্মানিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী জারিন ওমরের বোন।
দীর্ঘসময় ধরে রোগ ভুগছিলেন শরীফ। তিন দিন আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের পথে রওনা হন এই বিখ্যাত অভিনেতা। তার সঙ্গে ছিল স্ত্রী-সহ ছয়জনের মেডিকেল দল।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে যাত্রাপথে জার্মানির নুরেমবার্গের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শরীফ।
টুইট করে এমনটাই জানান পাকিস্তানের জার্মান অ্যাম্বাসেডর ডা. মোহাম্মদ ফয়সাল।
উপমহাদেশের অন্যতম কমেডিয়ান, অভিনেতা, পরিচালক হিসেবে বিবেচনা করা হয় উমের শরীফকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন, ক্রীড়াসহ সব অঙ্গনে। এক প্রজন্মকে তিনি অসংখ্য হাসির মুহূর্ত উপহার দিয়েছেন তিনি।
উমের শরীফের পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে— মিস্টার ৪২০ ও মিস্টার চার্লি।
এই কিংবদন্তি কমেডিয়ানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা শোয়েব আখতার।