ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
শনিবার আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে ধোনির চেন্নাই সুপার কিংস। আর এ ম্যাচে টস করার মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে ‘ডাবল সেঞ্চুরি’ হলো তার।
বিশ্বের সব টি-টোয়েন্টি আসরগুলো মিলেই ধোনি অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেটের এই ফরম্যাটে সব মিলে ২৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ধোনি ছাড়া টি-টোয়েন্টি ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামির।
টি-টোয়েন্টির সফল অধিনায়কের তালিকায়ও দ্বিতীয় স্থানে ধোনি। ১৫০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের সাফল্যের হার বিবেচনায় সবার ওপরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। এরপরই অবস্থান ধোনির।