সন্দেহভাজন ডাকাত ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পুলিশ

ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ও এএসআই নুরুজ্জামান নামে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বিকেলে উপজেলার পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই মামলার আসামি আবুল কালামসহ তার দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি আবুল কালামকে গ্রেপ্তার করতে বিকেলে তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় যায় পুলিশ।

পুলিশ সূত্র আরও জানায়, এ সময় আবুল কালামের দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমসহ স্থানীয় শতাধিক লোক আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।