বর্তমান সরকার রাজনীতির সব শিষ্টাচার ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রাজনীতিতে একটা শৃঙ্খলা ও সম্মানবোধ ছিল। কিন্তু এ সরকার সব শৃঙ্খলা ও নিয়ম নষ্ট করে ফেলেছে। আজ দেশে মাদকসেবীর যে সম্মান, রাজনীতিবিদদের সেটাও নেই।’ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রচিত ‘কারাগারে বাইশ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, ‘দেশের কারাগারে জীবন ও সেখানকার নিত্যদিনের ঘটনাসমূহ মান্নার বইয়ে তুলে ধরা হয়েছে। কিংবদন্তি ছাত্রনেতা হিসেবে মান্নার লেখা বইটিতে নানা ঘটনার সমাহার ঘটেছে। কারাগারে থাকাকালীন নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে রিজভী বলেন, আমি কারাগারে থাকাকালে বিখ্যাত লেখক দস্তয়ভস্কির ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ শীর্ষক বইটি নিতে দেয়নি। মান্না ভাই যে বই লিখেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। লেখকের যে অন্তর্দৃষ্টি সেটা প্রতিফলিত হয়েছে তার বইয়ে।’