প্লে-অফ কঠিন করল মুম্বাই

গতবারের রানার্সআপ দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হেরে যাওয়ায় আইপিএলের প্লে-অফ খেলা অনিশ্চিত হয়ে পড়ল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। আগেই প্লে-অফ নিশ্চিত করা চেন্নাই ও দিল্লি দুদলেরই সংগ্রহ ১৮ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরু। কলকাতা, পাঞ্জাবের মতো মুম্বাইয়েরও সংগ্রহ ১২ ম্যাচ থেকে সংগ্রহ ১০ পয়েন্ট করে। মুম্বাইয়ের খেলা বাকি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।

গতকাল শারজায় টসে হেরে ব্যাট করতে নামা মুম্বাইয়ের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হন অধিনায়ক রোহিত শর্মা (৭)। এরপর কুইন্টন ডি কক (১৯) সৌরভ তিওয়ারি (১৫), কাইরন পোলার্ড (৬) এবং হার্দিক পান্ডিয়া (১৭) ফিরলে মুম্বাই আরও বিপদে পড়ে। শারজার স্লো পিচে একমাত্র সূর্যকুমার যাদব যা একটু লড়াই করেছেন। ২৬ বলে ৩৩ রান করেন তিনি। দিল্লির আবেশ খান এবং অক্ষর পটেল তিনটি করে উইকেট নেন। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লি ৭৭ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল দিল্লি ম্যাচ বাঁচাতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত আয়ারের সঙ্গে ২১ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জয় নিশ্চিত করেন রবিচন্দ্রন অশ্বিন। আয়ার ৩৩ রানে অপরাজিত থেকে যান।

সেঞ্চুরির পরও হার রুতুরাজের : আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম সেঞ্চুরি করেছেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু তাকে হতাশ করে রাজস্থানকে জিতিয়েছেন শিবম দুবে এবং যশস্বী জয়সওয়াল। ৭ উইকেটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ১৮৯ রান করে। জবাবে ১৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রাজস্থান। ৬০ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন রুতুরাজ।