শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে আরও ৫ জন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে নতুন করে ৫ ক্রিকেটার যুক্ত করেছে শ্রীলঙ্কা। এবারের আসরে সবচেয়ে বেশি ২৩ সদস্যের দলও নিয়ে যাচ্ছে তারা। আগের ১৫ জনের লাহিরু মাদুশঙ্কা ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন। তার বদলিসহ বাড়তি ৪ ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন লক্ষণ সান্দাকান, রমেশ মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা ও আসেন বান্দারা। মূল দলের সদস্য ১৯ জন। বাড়তি ৪ ক্রিকেটার থাকবেন রিজার্ভ হিসেবে। আইসিসি নির্ধারিত ১৫ সদস্যের বাইরের সবার খরচ বহন করবে নির্দিষ্ট বোর্ড। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষদিন ছিল ১০ সেপ্টেম্বর। কিন্তু আইসিসি বর্তমান করোনা পরিস্থিতির কারণে ১০ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন-পরিবর্ধনের সুযোগ রেখেছে। সেই সুযোগটাই নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘শ্রীলঙ্কান নির্বাচক কমিটি আরও ৫ ক্রিকেটারকে মূল দলের সঙ্গে যোগ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২৩ সদস্যের দল নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

 ৩ অক্টোবর ওমানের উদ্দেশে লঙ্কা ছাড়বে ক্রিকেট দল।’

বিশ্বকাপে লঙ্কা দলের সঙ্গে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে বর্তমানে আরব আমিরাতে থাকা জয়াবর্ধনে দলের সঙ্গে সেখানেই যোগ দেবেন। ওমানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১২ ও ১৪ তারিখ আনুষ্ঠানিক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১২ অক্টোবরের ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে।    

বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে। ‘এ’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।