খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু ও আবাসিক হলগুলো খুলে দেয়া হচ্ছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ে ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া জানান, সভায় গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩৪তম সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা ও শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতি ও শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিএইচডি) এর সকল শিক্ষার্থী; আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র ৪র্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর সকাল হতে হলসমূহ খোলা এবং ১৮ অক্টোবর হতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য ৫ নভেম্বর সকাল হতে হলসমূহ খোলা এবং ৭ নভেম্বর হতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯ নভেম্বর সকাল হতে হলসমূহ খোলা এবং ২১ নভেম্বর হতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ প্রদান করা হবে। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টীকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।

তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের নিকট হইতে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বেগম মেহের আফরোজ চুমকি এমপি, আহসানুল ইসলাম (টিটু) এমপি, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন অনলাইনে সংযুক্ত ছিলেন।