নাটোরের নলডাঙ্গায় পরকীয়া প্রেমের জের ধরে প্রতিপক্ষের ফলার আঘাতে রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রহিদুল ইসলাম (৪৫) উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, মহসিন আলী ভুট্টুর স্ত্রী জোসনা বেগমের সঙ্গে নিহত রহিদুলের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল।
এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সমাধান ফলপ্রসূ না হলে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।
সর্বশেষ জোসনা বেগম ভুট্টুকে তালাক দেন। এ নিয়ে মহসিন আলী ভুট্টু ক্ষিপ্ত হয়। রাতে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলাম পীরগাছা বাজারে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহসিন আলী ভুট্টু ফালা দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন রহিদুল।
আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে গ্রাম্য ডাক্তার রহিদুলের মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে আনা হয়।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।