সিনেমা হলের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে নিয়মিত মুখ রায়হান রাফী। ওটিটিতে মুক্তি পাওয়া ‘জানোয়ার’ ও ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ফিল্ম নিয়ে বেশ চর্চা হয়েছে। এবার ঘোষণা এলো ওয়েব সিরিজের, যার নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে আছে জাজ মাল্টিমিডিয়া।
ঢাকার ডিজিটাল প্রজেকশনের কান্ডারি জাজ কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ঘোষণা দিয়েছিল। নিজেদের দ্বিতীয় প্রজেক্ট হিসেবে এসেছে রাফীর ‘চক্র’ সিরিজের নাম।
সিরিজের গল্প নিয়ে বলা হচ্ছে, চক্র প্রকৃতিরই সৃষ্টি। মানুষের জীবন থেকে মৃত্যু একটা জীবন চক্র। সূর্য নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই মহাকাশের মাঝে যা কিছু আছে সবকিছুই চক্রাকারে ঘুরছে।
এই শত কোটি চক্রের মাঝে নারীর জীবন চক্র বড়ই রহস্যময়। সৃষ্টিকর্তা শুধুমাত্র নারীকেই সন্তান ধারণের ক্ষমতা দিয়েছে বলেই হয়তো, নারীর চরিত্র একই সঙ্গে বিপরীতমুখী। একমাত্র নারীরাই পারে একই সঙ্গে ভালোবাসতে আবার ঘৃণা করতে। পরম আদর দিতে আবার কষ্ট দিতে। নারী একই সঙ্গে লোভী আবার নির্লোভ। নারীর বিভিন্নমুখী চরিত্র ফুটে উঠবে, জাজের ঘরের পরিচালক রায়হান রাফী পরিচালিত, জাজের থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘চক্র’তে ।
কারা অভিনয় করছেন, তা অবশ্য জানানো হয়নি। বলা হচ্ছে, সিরিজের জন্য অডিশনের মাধ্যমে নতুন মুখ বাছাই করা হবে। আর শুটিং শুরু হবে নভেম্বরে।