১০৪তম জন্মদিনে বক্তারা

মোহাম্মদ যাকারিয়া ছিলেন প্রজ্ঞাবান ও পরিপূর্ণ মানুষ

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রজ্ঞাবান ও পরিপূর্ণ মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রত্নতত্ত্ববিদ, অনুবাদক, নৃ-বিজ্ঞানী, পুঁথিবিশারদ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ১০৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি অনলাইনে এই অনুষ্ঠান আয়োজন করে।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের চারপাশে অনেক বিদ্বান কিংবা পন্ডিত মানুষ আছেন। কিন্তু সবাই পরিপূর্ণ মানুষ নন। যাকারিয়া এমন একজন মানুষ যাকে স্মরণ করা এবং অনুসরণ করা যায়। তিনি যাদের সঙ্গেই কাজ করেছেন, একটা ছাপ রেখে গেছেন। তাকে কেউ ভুলতে পারবেন না। একজন পরিপূর্ণ মানুষ ছিলেন তিনি।’

অনুষ্ঠানের শুরুতে সূচনা সংগীত পরিবেশন করেন অরুণা সরকার। পরে সূচনা বক্তব্য দেন ইশরাত জাহান কাঁকন। তিনি বলেন, ‘আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার সমৃদ্ধ কর্মময় এবং সুদীর্ঘ সৃজনশীল জীবন আমাদের অনুপ্রেরণার উৎস। তার জন্মদিন উদযাপনের মাধ্যমে, তাকে স্মরণ করার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। আর তাই প্রতি বছর ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি তার জন্মদিন উদযাপন করে আসছে। ভবিষ্যতেও আমরা উদযাপন করতে চাই।’

অধ্যাপক আহসানুল হাদী বলেন, ‘যেখানেই জ্ঞানের সন্ধান আছে, সেখানেই যাকারিয়া স্যার ছুটে যেতেন। স্যারের সঙ্গে কাজ করার সময় দেখেছি শেষ বয়সে তিনি লাঠি নিয়ে হাঁটলেও জ্ঞানচর্চায় ছিলেন নিরলস। একইসঙ্গে তিনি তুলনায় অনেক তরুণদের কথাও অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন। এই গুণ আজ খুবই বিরল।’

যাকারিয়ার কন্যা সুফিয়া আতিয়া বলেন, ‘আমার আব্বা আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া যত দিন বেঁচে ছিলেন তখন তিনি যেভাবে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির কর্মকান্ডে যুক্ত ছিলেন, তেমনি এই কমিটিও এখনো নিয়মিত তাকে স্মরণ করে চলেছে। আমরা আশা করব এই কমিটির কর্মকা-ের মধ্য দিয়ে তার কাজ ও সাধনা বেঁচে থাকবে।’