ঢাবি মেডিকেল সেন্টারে করোনার টিকা কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুবেল দাসের টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকার সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় এই টিকা প্রদান কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ের টিকা (দ্বিতীয় ডোজ) আগামী ১ নভেম্বর থেকে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।