চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্টকে শি চিন পিংকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা, একগুচ্ছ ফুলের তোড়া ও একটি কেক বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঢাকার চীনা দূতাবাসে পৌঁছে দিয়েছেন। গতকাল বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিভাগের সদর দপ্তর, পেইচিংয়ে এই শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপির শুভেচ্ছা বার্তাটির প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানানো হয়েছে।’
চীনা প্রেসিডেন্টকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গত ৭২ বছরে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন। বিগত দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য, কৃষি খাদ্য উৎপাদন, শিল্প প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিমন্ডলে চীন অভাবনীয় উন্নতি করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে স্বাধীন বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক তৈরির কথাও স্মরণ করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।