ঢাবিতে সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছে জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক বেল্লাল হোসেন।

অধ্যাপক বেল্লাল হোসেন বলেন, মঙ্গলবার স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর এর শিক্ষার্থীরা হলে উঠেছে। মঙ্গলবার জরুরি সভা ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ তারিখ থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের ফুল, মিষ্টি দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠেছে।