পারিবারিক কলহে বিষপান

সুনামগঞ্জে মায়ের পর ছেলের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মায়ের পর মারা গেছে ছোট ছেলে রবিন মিয়া (৬)। গতকাল মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত সোমবার সকালে উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে দুই শিশু ছেলেসহ বিষপান করেন আঁখি বেগম (২৭)। ওইদিনই হাসপাতালে নেওয়ার পথে মারা যান আঁখি।

তিনি গ্রামের মৎস্যজীবী সামছুল হকের স্ত্রী। এ দম্পতির বড় ছেলে সিয়াম মিয়া (১০) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামছুল হক সোমবার ভোরে হাওরে মাছ ধরতে যান। এ সময় তার স্ত্রী দুই ছেলের মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আঁখি বেগম। সিয়াম ও রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিনের মৃত্যু হয়। সিয়ামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। মা ও ছেলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।