মহেশখালীর সোনাদিয়ার পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ রয়েছে এবং জীবিত উদ্ধার হয়েছে অন্তত ১৪ জন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, সোমবার রাত ৯টার দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে উদ্ধারে যায় নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট। স্থানীয় স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় রাত সাড়ে ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও শাকিব হাসান নামে একজন নিখোঁজ রয়েছে। সবাই কক্সবাজারে চকরিয়ার খুটাখালীর বাসিন্দা।
জীবিত উদ্ধার হওয়াদের ভাষ্যমতে, কক্সবাজার সদরের খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের ১৫ বন্ধু গত সোমবার সকাল ৯টায় একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সোনাদিয়া দ্বীপে বেড়াতে যায়। সোনাদিয়া দ্বীপে দুপুরের খাবার শেষে সবাই মিলে নৌকা নিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে যায়। ফেরার পথে ব্ল্যাকের দিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি বালির চরে আটকা পড়ে। তখন সবাই মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে সাগের মাঝখানে চলে যায়। তখন তারা কূলে উঠতে গিয়ে একটি ডুবন্ত খালে গিয়ে পড়ে এবং ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা চায়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, সোনাদিয়ায় নৌডুবির সংবাদ পাওয়া পরপরই দ্রুত ১৪ জনকে উদ্ধার করা গেলেও এখনো একজন নিখোঁজ। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।