রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গত দুই দিন ধরেই ঢাকা ও আশপাশের জেলামুখী বিভিন্ন যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করে দেখা গেছে, নদী পার হতে এক একটি গাড়িকে ৫ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এ ঘটনায় দূরপাল্লার সাধারণ যাত্রী ও ট্রাকচালকরা ভোগান্তির শিকার হয়েছেন। গরমে অতিষ্ঠ হয়ে বাস থেকে নেমে লঞ্চে নদী পার হয়েছেন কেউ কেউ।
এর আগে গত সোমবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল। বিকেলের দিকে চাপ কিছুটা কমে গেলেও সন্ধ্যার পর আবারও বেড়ে যায়। এরপর রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহনের চাপ অব্যাহত ছিল।
এ বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কার্যালয়ের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেনের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।