ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 'সোমবার রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়ীতে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। সবচেয়ে নিষ্ঠুর অমানবিকতা এই যে, নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও দুই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে'।
ফখরুল বলেন, 'জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুণ্ঠিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্য বাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়। রাজনীতিকে নস্যাৎ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে'।
বিবৃতিতে তিনি আরো বলেন, 'জালিম সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করেছে'।
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে রবিউল ইসলাম নয়নের বাবা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।