সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছেন জাতীয় দলের তরুণ তারকা ইয়াছিন আরাফাত। দেশের জার্সিতে এই প্রথম গোল করলেন তিনি।
ডিফেন্ডার হলেও সব সময় গোলের জন্য তৈরি থাকেন বলে জানালেন ১৯ বছর বয়সী এই লেফট ব্যাক।
মঙ্গলবার মালেতে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে ইয়াসিন বলেন, ‘সুযোগ পেলে আরও গোল করতে চাই জাতীয় দলের হয়ে। যেকোনো সময়ই চলে আসতে পারে সুযোগ। তাই তৈরি থাকি। আক্রমণে উঠি।’
সোমবার ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও দশ জন নিয়ে ১-১ এ ড্র করে বাংলাদেশ। ২৬ মিনিটে সুনীল ছেত্রী গোল করে এগিয়ে দিয়েছিলেন ভারতকে। বাংলাদেশ ৭৪ মিনিটে সমতায় ফিরে ইয়াসিনের গোলে।
ইয়াসিন এখন পর্যন্ত দেশের হয়ে ৫-৬টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে ঢাকায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে শুরু তার।
নারায়ণগঞ্জের এই ফুটবলার তিন বছরের চুক্তিতে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ছিলেন। সেই চুক্তি শেষ হওয়ায় নতুন মৌসুমে নতুন দলের খোঁজে তিনি।