রাজস্থান রয়্যালসকে উড়িয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশা জিইয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার শারজায় রাজস্থানকে ৯০ রানে আটকে রেখে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মুম্বাই।
দলের বাজে দিনে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও ছিলেন মলিন। ২.২ ওভার বল করে ১ উইকেট নিলেও খরচ করেন ৩২ রান।
টস হেরে এদিন আগে ব্যাট করতে নামে রাজস্থান। নাথান কোল্টার-নিল এবং জিমি নিশামের দুর্দান্ত বোলিংয়ে এক শ রানও করতে পারেনি দলটি। ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রানে থামে রাজস্থানের ইনিংস।
কোল্টার-নিল ১৪ রান খরচায় নেন ৪ উইকেট। জিমি নিশাম ১২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন এভিন লুইস।
লক্ষ্য তাড়া করতে নেমে ইশান কিশানের ব্যাটিং ঝড়ে ৮.২ ওভারেই জয় তুলে নেয় মুম্বাই। কিশান ২৫ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫ চার ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস।
১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মুম্বাই। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে যদি সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারে মুম্বাই এবং রাজস্থান হারায় কলকাতাকে, তবে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ খেলবে রোহিত শর্মার দল।
রাজস্থান ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে। চতুর্থ স্থানে থাকা তাদের এখনো গাণিতিকভাবে অসম্ভব নয়। তবে রানরেট অনেক কম থাকায় আশাটাও আসলে সেভাবে নেইও বলা যায়।
দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। বাকি একটি দলের জন্য এখন অপেক্ষা।