যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক ড. কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র্যাব। গতকাল ভোরে রাজধানীর উত্তরা থেকে নুসরাতকে আটক করা হয়।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এই ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ মঙ্গলবার ভোরে উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটক করে। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী।
র্যাব জানায়, নুসরাত শাহরিন রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি।