সাবেক স্বামী ও ট্যালেন্ট ম্যানেজার ব্র্যান্ডন ব্ল্যাকস্টকের সঙ্গে আইনি লড়াইয়ে ১ কোটি ডলারের খামারের মালিকানা পেলেন গায়িকা কেলি ক্লার্কসন।
এ সম্পর্কিত নথির বরাত দিয়ে সিএনএন জানায়, গায়িকার দখলে থাকছে তাদের মন্টানার খামার।
কেলি ও ব্র্যান্ডনের বিবাহপূর্ব চুক্তির উল্লেখ করে আদালত জানায়, মন্টানার খামার তাদের বৈবাহিক সম্পত্তি। যা গায়িকার প্রাক্তন স্বামী অস্বীকার করেছিল।
এই খামারেই ধারণ করা হয়েছিল বিখ্যাত ‘দ্য কেলি ক্লার্কসন শো’ ও মহামারিকালীন সিবিসির অনুষ্ঠান ‘দ্য ভয়েস’।
গ্রেট স্মোকি পর্বতমালার পাদদেশে এক গ্রামীণ রিসোর্টে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন কেলি ও ব্র্যান্ডন। ২০২০ সালে জুনে ‘অমীমাংসাযোগ্য মতপার্থক্যের’ কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।
রিভার রোজ ও রেমিংটন আলেকজান্দ্রার নামে সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। এ ছাড়া ব্র্যান্ডনের আগের ঘরে আছে দুই সন্তান।