দুই ডোজ টিকা নিয়েও করোনায় মারা গেলেন এমি জয়ী পিলচার

করোনায় মারা গেলেন হেয়ার স্টাইলিস্ট ও মেক-আপ ডিজাইনার মার্ক পিলচার। নেটফ্লিক্সের অন্যতম শো ‘ব্রিজারটন’-এ কাজ করে এমি অ্যাওয়ার্ড জেতেন তিনি।

এই পুরস্কার জয়ের মাত্র এক সপ্তাহ পরেই মারা গেলেন পিলচার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএন-কে খবরটি নিশ্চিত করেন পিলচারের এজেন্সি কার্টিস ব্রাউন।

বিবৃতিতে জানানো হয়, দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন পিলচার এবং তার কোনো শারীরিক অসুস্থতাও ছিল না। যুক্তরাষ্ট্রে এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে এবং যুক্তরাজ্যে ফেরার জন্য তিনি বেশ কয়েকবার কভিড-১৯ টেস্ট করেছিলেন। তাতে ফলাফল নেগেটিভ এসেছিল।

কার্টিস ব্রাউন আরও জানান, দেশে ফেরার পরপরই পিলচার অসুস্থ হয়ে পড়েন। সপ্তাহান্তে তার অবস্থার অবনতি হয়। রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিভিন্ন থিয়েটার শো, টেলিভিশন প্রোগ্রাম ও ফিল্মে নিজের কাজের জন্য পরিচিত ছিলেন পিলচার। বিউটি অ্যান্ড দ্য বিস্ট, মাই উইক উইদ ম্যারিলিন, দ্য ইনভিজিবল উইম্যান ও দ্য ইয়ং ভিক্টোরিয়া’র মতো বিখ্যাত ফিল্মে চুল ও মেক-আপের কাজ করেছেন তিনি।

মার্গট রবি ও সাওরসে রোনান অভিনীত ‘ম্যারি কুইন আব স্কটস’ ছবিতে কাজ করে ২০১৯ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পান পিলচার।