স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রী রোকসানাকে (৫০) হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান (৫৮)।

বুধবার ভোরে উপজেলার নাড়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে আজানের পর স্বামী হাবিবুর রহমান তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য ডাকেন। কিন্তু স্ত্রী রোকসানা না উঠে তর্কে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে হাবিবুর লোহার শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে মারা যান। 

এ ঘটনার পর সকালে হাবিবুর রহমান ঘটনার বিবরণ দিয়ে আত্মসমর্পণ করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বলেন, রোকসানার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

থানার ওসি আরও বলেন, আটক স্বামীর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।