টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লাল চাঁন (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ২৫টি ছাগলও মারা যায়।
বুধবার সকালে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক লাল চাঁন নওগাঁ সদর উপজেলার চকরাম চন্দ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, চালবোঝাই ট্রাকের উপরে ২৫টি ছাগল নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আনালিয়াবাড়ী নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে চালবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংঘর্ষে চালবোঝাই ট্রাকের উপরে থাকা ২৫টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।