চলমান করোনা মহামারির কারণে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আগামী ১১ থেকে ১৫ অক্টোবর সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পূজামণ্ডপে বিধি-নিষেধ অবশ্যই অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়, পুরোহিত বা ঠাকুর ও উপস্থিত পূজারীদের অবশ্যই মাস্ক পরতে হবে। যে সব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে সে সব মন্দিরের প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়া/ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে প্রবেশ পথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে।
ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দির, ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, রমনা কালী মন্দিরসহ বড় মন্দিরগুলোয় কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা করতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করতে হবে।
আজান ও নামাজের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোয় পূজা চলাকালে ও বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার জন্য ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি, প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে প্রতিপালন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। করোনার সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ও পূজামণ্ডপ পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করার অনুরোধ করা হয়েছে।