ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২০৩ রোগী

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৩৩৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তর জানায়, গতকাল সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৭০ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন।

তাদের মধ্যে অক্টোবরের প্রথম ৬ দিনে ১১৩৯ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭২০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৪৩ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।