রাত পোহালেই শ্রীমঙ্গলে উপনির্বাচন, সম্পন্ন প্রস্তুতি

রাত পোহালেই বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ উপনির্বাচন। নির্বাচন নিয়ে জনমনে উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে। কে হতে যাচ্ছেন এবারের চেয়ারম্যান-এ নিয়ে সমগ্র উপজেলায় আলোচনার ঝড় বইছে।

এবার উপজেলার ৮০ ভোটকেন্দ্রের ৫৭৯টি বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।  ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেছে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসিম দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। সব কেন্দ্রই আমাদের কাছে সমান। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

তিনি আরো জানান, সব ভোটকেন্দ্রে নিরাপদভাবে ব্যালট বক্স পাঠানো হয়েছে। আশা করছি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।

এবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ভানু লাল রায় (নৌকা), মিজানুর রব (লাঙ্গল), প্রেম সাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া)।