খুলনায় জেলা পরিষদ

বকেয়া বিল চাওয়া ঠিকাদারকে পেটালেন কর্মকর্তা!

খুলনায় জেলা পরিষদে ‘বিতর্কিত’ একটি টেন্ডারকে কেন্দ্র করে মফিজুল ইসলাম নামে এক ঠিকাদারকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ঠিকাদারকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ঠিকাদার মফিজুল ইসলাম জানান, করোনাকালীন ৫০ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার ও মাস্ক) সরবরাহ করেন তিনি। সেই কাজের বিল এখনো বকেয়া রয়েছে। সেই বিলের বিষয় নিয়ে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলতে প্রশাসনিক কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পর রুমের বাইরে এলে ধাতব বস্তু দিয়ে তার কপালে সজোরে আঘাত করেন। এতে তার কপাল ফেটে যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে এসএম মাহবুবুর রহমান বলেন, ‘ঠিকাদাররা আমার রুমে এসেছিল। পরে পুরনো কোনো একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যেই কথাকাটাকাটি করছিল। আমি আমার রুম থেকে বাইরে গিয়ে তাদের কথা বলতে বলি। বাইরে গিয়ে তারা ঠেলাঠেলি করার সময় পড়ে গিয়ে একজনের কপাল ফেটে গিয়েছে বলে আমি শুনেছি।’

জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। জেলা পরিষদ চেয়ারম্যান খুলনার বাইরে রয়েছেন। তিনি এলে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব।’