হেরে গিয়েও হতাশ নন পাইলট

প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে তার জন্য এবারের নির্বাচনটা সুখকর হয়নি। তাকে হারিয়ে রাজশাহী বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। তবে হেরে গেলেও হতাশ নন পাইলট।

বিজয়ী সাইফুল ইসলামকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাইলট বলেছেন, ক্রিকেটের সঙ্গে ছিলেন, থাকবেন ক্রিকেটের সঙ্গেই।

বুধবার অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ। সরকারিভাবে বৃহস্পতিবার ফল ঘোষণা হলেও বেসরকারিভাগে জানা গেছে নির্বাচিতদের নাম।

নির্বাচনে হেরে যাওয়ার পর সাংবাদিকদের পাইলট বলেন, ‘আমি আমার কাউন্সিলর যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। হয়তো আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাকেই তারা বেশি যোগ্য মনে করেছেন। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়। হয়তো আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি ট্রাস্ট করেছে, এ জন্য ভোট দিয়েছে।’

পরে নিজের ফেইসবুক পেজ থেকে ভিডিও বার্তায়ও বিজয়ীকে অভিনন্দন জানান পাইলট।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাইলট আরো বলেন, ‘আমি সব সময় ক্রিকেটের সঙ্গে আছি। যারা আসবেন, তাদের জন্য সব সময় শুভ কামনা যেন বাংলাদেশের ক্রিকেটকে আরো সামনে নিয়ে যেতে পারে।’

নির্বাচনে হারলেও পাইলট বললেন ভবিষ্যতে আরো ‘সুন্দর করে’ নির্বাচন করার কথা। পাইলটের কথায়, ‘যেহেতু খেলেছি, এরপর মাঠ বা প্লেয়ার তৈরি করা এসব অভিজ্ঞতা হয়েছিল। সে স্বপ্ন নিয়ে এসেছিলাম (বিসিবি নির্বাচনে)। ওই সৌভাগ্য হয় নাই। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর করে ইলেকশন করার।’

আরো পড়ুন

আবারো বিসিবির পরিচালক দুর্জয়-সুজন, পাইলটের হার

বিসিবিতে পাপনসহ ১৯ জন পুনর্নির্বাচিত