দীর্ঘ ৬ মাস ২১ দিন পর কার্যালয়ে ফিরলেন রিজভী

৬ মাস ২১ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কার্যালয়ে আসেন। এ সময় দলের নেতাকর্মী ও অফিস স্টাফরা তাকে স্বাগত জানান।

দপ্তরে বসে রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমি আবার অফিস শুরু করেছি। আজকে খুব ভালো লাগছে নিজের অফিসে অনেক দিন পর আসতে পেরেছি। অনেকটাই সুস্থবোধ করছি। সিঁড়ি বেয়ে উঠতে এখনো একটু কষ্ট হয়, তারপরও নিয়মিত অফিসে আসার ইচ্ছা আছে। তবে বর্তমানে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও দুই-তিন দিন অফিস করবেন।’

সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে এসেছিলেন রিজভী। ওইদিনই রিপোর্টে করোনা পজিটিভ এলে প্রথম দিন বাসায় থেকে চিকিৎসা নেন। পরদিন তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। পরে ৯ মে করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর বাসায় ফেরেন রিজভী। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে হয় আরও কিছুদিন।

সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘হার্টের সিভিয়ার অবস্থা হলো, তারপর করোনায় আক্রান্ত হলাম। দুটো মিলে একটা কঠিন অবস্থা পার করেছি আমি। এখন আল্লাহর রহমতে অনেকখানি সেরে উঠেছি।’