শত শত আফগান কাবুলের পাসপোর্ট অফিসে এসে জড়ো হন বুধবার। চলতি সপ্তাহেই অফিসে খোলা হবে ও কাগজপত্র ইস্যু করা হবে— এমন খবর ছড়ানোর একদিন পরই পোস্ট অফিসের সামনে ভিড় জমান মানুষ।
এ সময় তালেবানের নিরাপত্তা সদস্যরা আইন-শৃঙ্খলা বজায় রাখতে কয়েকজনকে মারধর করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
তালেবান কর্মকর্তারা জানান, পাসপোর্ট অফিসের কার্যক্রম শনিবার থেকে শুরু হবে। তাদের ক্ষমতা গ্রহণ ও আগস্ট মাসে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর ডাক বিভাগের স্বাভাবিক কাজ বন্ধ ছিল। এ কারণেই দেশ ছাড়তে যারা মরিয়া, তাদের অনেকে বাধার মুখে পড়েন।
একজন দরখাস্তকারী মাহির রাসুলি বলেন, ‘আমি আমার পাসপোর্ট নিতে এখানে এসেছি, তবে দেখতেই তো পাচ্ছেন কত ঝামেলা এখানে, কিছুই কাজ করছে না। এমন কোনোই কর্মকর্তা নেই যে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে যে কখন আমরা আসবো। জনগণ এখন বিভ্রান্ত হয়ে পড়েছেন।’
পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকা তালেবানের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য দেওয়ার অনুরোধে সাড়া দেননি।
তালেবান ঘোষিত সময় অনুসারে, শনিবার পাসপোর্ট বিতরণ শুরু হবে এবং প্রাথমিকভাবে যারা আগে জমা দিয়েছেন তারাই শুধু সেবা পাবেন।