আত্মসমর্পণ করে জামিন পেলেন সাবেক স্বাস্থ্য ডিজি

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি নিয়ে বিচারক এ মামলার পরবর্তী তারিখ ২ নভেম্বর পর্যন্ত আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেন।

আসামির পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার মাসুদ মজুমদার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন মীর আহম্মেদ আলী সালাম।

এর আগে গত ৫ অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে এসেছিলেন আবুল কালাম আজাদ। কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি হয়নি।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় খরচ বাবদ মোট তিন কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

সেখানে আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্ত শেষে অভিযোগপত্রে তাকেও আসামি করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অন্য পাঁচ আসামি হলেন- রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।

মামলায় পরস্পর যোগসাজশে লাইসেন্সের মেয়াদহীন রিজেন্ট হাসপাতালকে ‘ডেডিকেটেড কোভিড হাসপাতালে’ রূপান্তর, সমঝোতা স্মারক সই এবং সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে।