রাকাকে যে কেমিক্যালসহ গ্রেপ্তার তা আমার কাছেও আছে: ডা. জাফরুল্লাহ

প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার মুক্তি দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ‘সাংবাদিক কনক সরওয়ারের বোন রাকাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। রাকাকে যেই কেমিক্যালসহ গ্রেপ্তার করা হয়েছে সেটি মাদক নয়, ঔষধ। এ ওষুধ আমার কাছেও আছে।’

বৃহস্পতিবার বিকেলে তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে নাগরিক পরিষদের উদ্যোগে “আবরার ফাহাদ দিবস” উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী মার্কিন বাহিনীকে পরাজিত করেছে। বাংলাদেশকে সম্মিলিতভাবে ভারত খেদাও আন্দোলন করতে হবে। সে আন্দোলন হবে রাজপথে।’  

তিনি বলেন, ‘মোদিবিরোধী আন্দোলনকারী আলেম-ওলামা-ছাত্র-যুবকদের মুক্তি দিতে হবে। বিচারকরা সুয়োমোটো করে এই জামিন নিশ্চিত করতে হবে। বিচারকদের দায় শুধু পরীমণির জন্য নয়, সবার জন্য হওয়া উচিত।’

আবরার ফাহাদ দিবস প্রতি বছর পালনে নাগরিক পরিষদের দাবির প্রতি একমত পোষণ করেন জাফরুল্লাহ চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘আমাদের দেশের প্রধান সংকট সার্বভৌমত্বের সংকট। যে জাতি তার জাতীয় সংকট চিহ্নিত করতে পারে, সে জাতি সব সংকট উত্তরণ করতে পারে। আমরাও সার্বভৌমত্বের সংকট মোকাবেলা করতে শহীদ আবরার ফাহাদের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলব। ওমর খৈয়ামের মতো আবরার ফাহাদের ফেসবুক দেখলেই মনে হবে, সে একজন নিখাঁদ দেশপ্রেমী, তার মৃত্যু শহিদী মৃত্যু। আবরার ফাহাদ দিবস আমরা প্রতিবছর জাতিগতভাবে পালন করব।’

সভায় সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। 

সভাপতির বক্তব্যে তিনি নাগরিক পরিষদের পক্ষ থেকে বুয়েটে আবরার ফাহাদের নামে ছাত্রাবাসের নামকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম ‘আবরার ফাহাদ সরণী’ করার দাবি জানান। 

প্রতিবছর ৭ অক্টোবর আধিপত্য প্রতিরোধ দিবস হিসেবে আবরার ফাহাদ দিবস পালনের জন্য রাষ্ট্র, সরকার ও সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য দেন আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি মো. হারুন অর রশিদ খান, ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমীন, মুক্তিযুদ্ধের কমান্ডার সামছুল করীম সেলিম, এনডিপি’র চেয়ারম্যান ক্বারী আবু তাহের, সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সেলিম, নেজামে ইসলাম পার্টির কার্যকরী সভাপতি এ কে এম আশরাফুল হক, শ্রমিক নেতা ডা. সামছুল আলম, প্রেক্ষাপট বাংলাদেশ ফোরামের সভাপতি এন. ইউ. আহম্মদ, গরিবী হটাও আন্দোলনের সভাপতি সায়েদুল হক লিটন, সম্পাদক মিতু ইসলাম প্রমুখ।