জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) নামে পরিচিত মিয়ানমারের বিকল্প সরকারকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব পাস হয়েছে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। গত মঙ্গলবার সিনেটে গৃহীত ওই প্রস্তাবে মিয়ানমারে সাংবিধানিক প্রক্রিয়া ফিরিয়ে আনার পাশাপাশি দেশটিতে শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বিকল্প সরকারকে স্বীকৃতি দিতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এনইউজিকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। কেন স্বীকৃতি দেওয়া প্রয়োজন, তা ব্যাখ্যা করে স্পিকারের দপ্তরে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল গত ২২ জুলাই। মিয়ানমারে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি দেশটির জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর অভ্যুত্থানবিরোধী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ১৬ এপ্রিল সু চিকে স্টেট কাউন্সেলর করে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এ সরকার মূলত দেশের সীমান্তবর্তী এলাকায় এবং নির্বাসিত থেকে কাজ করছে। ফ্রান্সের সিনেটে প্রস্তাব পাসের মাধ্যমে এই প্রথম কোনো দেশের পার্লামেন্ট মিয়ানমারের বিকল্প সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো।
প্রস্তাবটির অন্যতম প্রস্তাবক সিনেটর জোয়েল গুয়েখিও টুইট করেছেন, ‘মিয়ানমারের সংকট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’